Tourism Malaysia ও Islamic Tourism Centre-এর উদ্যোগে ব্যবসায়িক যোগাযোগ ও পর্যটন অংশীদারত্ব জোরদার

বাংলাদেশের পর্যটনবাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করা, দ্বিপক্ষীয় পর্যটন সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশি পর্যটকদের কাছে মালয়েশিয়ার বহুমাত্রিক পর্যটন আকর্ষণ তুলে ধরার লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে মালয়েশিয়ার পর্যটন উন্নয়ন সংস্থা Tourism Malaysia। এরই ধারাবাহিকতায় ঢাকায় অনুষ্ঠিত ১৪তম Bangladesh Travel & Tourism Fair (BTTF) 2026-এ অংশগ্রহণ করেছে সংস্থাটি। একই সঙ্গে মালয়েশিয়ার ইসলামিক ট্যুরিজম সেন্টার (Islamic Tourism Centre–ITC) এ উদ্যোগে সহযোগী হিসেবে যুক্ত হয়েছে।
এই অংশগ্রহণের মূল লক্ষ্য হলো মালয়েশিয়ার পর্যটন পণ্য ও সেবার পরিচিতি বৃদ্ধি, বাংলাদেশের পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং Visit Malaysia 2026–2027 (VM2026–2027) প্রচারণাকে আরও গতিশীল করা।
BTTF 2026: আন্তর্জাতিক পর্যটন যোগাযোগের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম
২৯ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (BCFCC) ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (BTTF 2026) এ অংশগ্রহণ করেছে ।
এই আন্তর্জাতিক মেলায় Business-to-Business (B2B) এবং Business-to-Consumer (B2C)—উভয় পর্যায়ে যোগাযোগ ও ব্যবসায়িক সম্ভাবনা তৈরির সুযোগ রয়েছে। Tourism Malaysia-এর অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, পর্যটন উদ্যোক্তা এবং সম্ভাব্য ভ্রমণকারীরা মালয়েশিয়ার পর্যটন সম্ভাবনা সম্পর্কে সরাসরি ধারণা লাভের সুযোগ পাচ্ছেন।
বাংলাদেশি পর্যটনশিল্পের সঙ্গে বিশেষ Networking & Engagement Session
BTTF 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধনের আগের দিন, ২৮ অক্টোবর ২০২৬, ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রুবি হলে ট্যুরিজম মালয়েশিয়া ঢাকা এবং মালয়েশিয়ার ইসলামিক ট্যুরিজম সেন্টার (আইটিসি) -এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয় Networking & Engagement Session with Industry Players।
এই বিশেষ আয়োজনে বাংলাদেশের পর্যটনশিল্পের প্রতিনিধিদের সঙ্গে মালয়েশিয়ার পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীদারদের পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনার সুযোগ তৈরি করা হয়।
অনুষ্ঠানের নির্ধারিত কর্মসূচিতে ছিল অতিথিদের আগমন ও নিবন্ধন, মধ্যাহ্নভোজ ও নেটওয়ার্কিং, Tourism Malaysia ও ITC-এর ভিডিও উপস্থাপনা, স্বাগত বক্তব্য, ITC-এর মহাপরিচালকের বক্তব্য, প্রশ্নোত্তর পর্ব এবং মালয়েশিয়ার অংশীদারদের সঙ্গে নেটওয়ার্কিং।
বিশেষভাবে উল্লেখযোগ্য, মালয়েশিয়ার ইসলামিক ট্যুরিজম সেন্টারের (আইটিসি) মহাপরিচালক মোহাম্মদ ফয়সাল বিন আবু সুয়াইব খান (Mohammad Faisal bin Abu Suaib Khan)-এর বক্তব্য, প্রশ্নোত্তর পর্ব এবং বাংলাদেশের পর্যটনশিল্পের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে মালয়েশিয়ার নতুন পর্যটন পণ্য, আকর্ষণীয় গন্তব্য, মুসলিমবান্ধব পর্যটনসেবা এবং সম্ভাব্য ব্যবসায়িক সহযোগিতার ক্ষেত্রগুলো তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মালয়েশিয়া হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. হাজওয়ান হাসনল। অনুষ্ঠানে ট্যুরিজম মালয়েশিয়ার সিনিয়র ট্যুরিজম অফিসার মোহাম্মদ হাফিজ মোহাম্মদ শাহ এবং বাংলাদেশে ট্যুরিজম মালয়েশিয়ার ম্যানেজার মোহাম্মদ শোয়েব উপস্থিত ছিলেন। তাঁদের অংশগ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ ও মালয়েশিয়ার পর্যটনশিল্পের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার গুরুত্বকে তুলে ধরে। ভ্রমণ ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক এবং মালয়েশিয়ার বাংলাদেশ ট্যুরিজম আর্টস অ্যান্ড কালচারাল নেটওয়ার্কের নির্বাহী চেয়ারম্যান জনাব আবু সুফিয়ানও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ কেন মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ পর্যটনবাজার?
দক্ষিণ এশিয়ার পর্যটনবাজারে বাংলাদেশ মালয়েশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় দেশ। অবকাশযাপন, শপিং, মেডিকেল ট্যুরিজম, ব্যবসায়িক ভ্রমণ, MICE এবং বিশেষায়িত পর্যটনের ক্ষেত্রে বাংলাদেশি পর্যটকদের আগ্রহ ও সম্ভাবনা রয়েছে।
Tourism Malaysia-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৮ হাজার ৪১৭ জন ভ্রমণকারী মালয়েশিয়া সফর করেছেন। একই মাসে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতি সপ্তাহে ৪৫টি ফ্লাইট পরিচালিত হয়েছে, যেখানে যাত্রীদের জন্য মোট ১০ হাজার ৮৬টি আসন সরবরাহ করা হয়েছে।
এই পরিসংখ্যান দুই দেশের মধ্যে বিদ্যমান আকাশপথের যোগাযোগ এবং পর্যটনবাজারের সম্ভাবনাকে তুলে ধরে। ফলে বাংলাদেশি পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক মালয়েশিয়া ভ্রমণ প্যাকেজ তৈরি, পর্যটনসেবা সহজলভ্য করা এবং নতুন ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ রয়েছে।
Visit Malaysia 2026–2027: টেকসই পর্যটনের নতুন প্রত্যয়
Visit Malaysia 2026–2027 (VM2026–2027) প্রচারণার মাধ্যমে মালয়েশিয়া বিশ্ব পর্যটন অঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি টেকসই পর্যটন উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে এ প্রচারণায় প্রাকৃতিক সম্পদ, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সব মিলিয়ে, Tourism Malaysia ও Islamic Tourism Centre-এর এই উদ্যোগ বাংলাদেশ-মালয়েশিয়া পর্যটন সম্পর্ককে আরও গতিশীল করার পাশাপাশি Visit Malaysia 2026–2027 প্রচারণায় বাংলাদেশের অংশগ্রহণ ও সম্পৃক্ততা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা যায়।
ভ্রমণডেস্ক