বিশ্বের নজর কাড়ল মালয়েশিয়া, সেরা ১০ আকর্ষণীয় সড়কের তালিকায় পেনাং!

মালয়েশিয়ার পর্যটনকে আন্তর্জাতিক অঙ্গনে আরও ব্যাপকভাবে পরিচিত করা এবং বাংলা ভাষাভাষী পাঠক ও পর্যটকদের কাছে দেশটির বহুমাত্রিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে গত প্রায় এক দশক ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ট্রাভেল ম্যাগাজিন ভ্রমণ। ধারাবাহিক প্রকাশনা, বিশেষ আয়োজন, পর্যটনবিষয়ক প্রতিবেদন, প্রচারণা এবং বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে ভ্রমণ মালয়েশিয়াকে শুধু একটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্য হিসেবে নয়, বরং ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, খাদ্য, শিক্ষা, প্রকৃতি, ধর্মীয় পর্যটন, স্বাস্থ্য পর্যটন এবং আধুনিক জীবনযাত্রার এক সমৃদ্ধ ও বহুমাত্রিক দেশ হিসেবে বাংলা ভাষাভাষী মানুষের সামনে তুলে ধরছে।

এই দীর্ঘদিনের প্রচারণা ও উদ্যোগকে আরও বিস্তৃত ও কার্যকর করার প্রত্যয়ে মালয়েশিয়া ভ্রমণবর্ষ ২০২৬–২৭ উপলক্ষে ভ্রমণ গ্রহণ করেছে বিশেষ প্রচারণামূলক উদ্যোগ। এরই মধ্যে আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক সাময়িকী টাইম আউটের ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় সড়কের তালিকায় মালয়েশিয়ার পেনাংয়ের ঐতিহাসিক বিচ স্ট্রিটের নবম স্থান অর্জন এই উদ্যোগকে নতুন মাত্রা দিয়েছে।

এই আন্তর্জাতিক স্বীকৃতি আবারও প্রমাণ করে, মালয়েশিয়ার পর্যটন আকর্ষণ শুধু সমুদ্রসৈকত, দ্বীপ, পাহাড় কিংবা আধুনিক নগরকেন্দ্রেই সীমাবদ্ধ নয়; বরং ঐতিহাসিক সড়ক, পুরোনো বাজার, স্থানীয় খাবার, স্থাপত্য, শিল্পকলা ও মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মধ্যেও ছড়িয়ে রয়েছে দেশটির অসাধারণ পর্যটন সম্ভাবনা।

ভ্রমণের আহ্বান—মালয়েশিয়াকে দেখুন নতুন চোখে, আবিষ্কার করুন নতুন অভিজ্ঞতায়! কুয়ালালামপুরের আধুনিক নগরজীবন, লাংকাউইয়ের অপার প্রাকৃতিক সৌন্দর্য, মালাক্কার ইতিহাস, পেনাংয়ের সাংস্কৃতিক বৈচিত্র্য কিংবা জর্জ টাউনের ঐতিহ্যবাহী বিচ স্ট্রিট—প্রতিটি গন্তব্যই আপনাকে উপহার দিতে পারে ভিন্ন এক গল্প, ভিন্ন এক অনুভূতি। শুধু পরিচিত পর্যটনকেন্দ্র ঘুরে নয়, মালয়েশিয়ার মানুষের জীবন, সংস্কৃতি, ঐতিহ্য ও আতিথেয়তার সঙ্গে পরিচিত হওয়ার মধ্য দিয়েই সম্পূর্ণ হোক আপনার ভ্রমণ।

একটি শহরকে সত্যিকার অর্থে চিনতে হলে শুধু তার বিখ্যাত পর্যটনকেন্দ্র ঘুরে দেখাই যথেষ্ট নয়, হেঁটে দেখতে হয় তার পরিচিত সড়ক, পুরোনো বাজার, স্থানীয় ক্যাফে, ঐতিহ্যবাহী খাবারের দোকান এবং মানুষের প্রতিদিনের জীবনযাত্রা। কারণ, একটি শহরের প্রকৃত পরিচয় অনেক সময় লুকিয়ে থাকে তার অলিগলি ও প্রাণবন্ত সড়কগুলোর মধ্যেই।

আন্তর্জাতিক ভ্রমণ ও লাইফস্টাইল গাইড টাইম আউট (Time Out) প্রকাশিত ‘World’s Coolest Streets 2026’ তালিকায় সেই পরিচয়েরই স্বীকৃতি পেয়েছে মালয়েশিয়া। বিশ্বের ২৮টি আকর্ষণীয় সড়কের মধ্যে প্রথম দশে জায়গা করে নিয়েছে পেনাংয়ের ঐতিহাসিক শহর জর্জ টাউনের বিচ স্ট্রিট (Beach Street)। তালিকায় সড়কটির অবস্থান নবম।

১৭ নভেম্বর প্রকাশিত এই তালিকায় মালয়েশিয়ার অন্তর্ভুক্তি দেশটির ঐতিহ্য, সংস্কৃতি, নগরজীবন ও পর্যটন আকর্ষণের আন্তর্জাতিক স্বীকৃতিকে আরও সমৃদ্ধ করেছে।

ইতিহাস ও আধুনিকতার মেলবন্ধন বিচ স্ট্রিট

মালয়েশিয়ার পেনাং রাজ্যের রাজধানী জর্জ টাউন তার ঐতিহাসিক স্থাপত্য, বহুজাতিক সংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার এবং প্রাণবন্ত নগরজীবনের জন্য সুপরিচিত। শহরটির ঐতিহাসিক সড়কগুলোর অন্যতম বিচ স্ট্রিট, যা স্থানীয়ভাবে Lebuh Pantai নামেও পরিচিত।

একসময়কার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠা এই সড়কে আজও অতীতের ঐতিহ্য ও আধুনিক নগরজীবনের সহাবস্থান চোখে পড়ে। পুরোনো বাণিজ্যিক ভবন, ঐতিহ্যবাহী স্থাপত্য, স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান, ক্যাফে এবং সাংস্কৃতিক বৈচিত্র্য মিলিয়ে বিচ স্ট্রিট হয়ে উঠেছে পর্যটকদের জন্য এক আকর্ষণীয় অভিজ্ঞতার জায়গা।

এখানে হাঁটতে হাঁটতে একজন পর্যটক যেমন জর্জ টাউনের ইতিহাসের সন্ধান পাবেন, তেমনি পরিচিত হবেন মালয়েশিয়ার বহুসাংস্কৃতিক সমাজ ও স্থানীয় জীবনধারার সঙ্গে।

বিশ্বের নজরে ২৮টি শহরের সড়ক

টাইম আউটের এবারের তালিকার শীর্ষে রয়েছে থাইল্যান্ডের ব্যাংককের সং ওয়াট রোড। এরপর রয়েছে যুক্তরাজ্যের লন্ডনের গোলবোর্ন রোড এবং আর্জেন্টিনার বুয়েনস আইরেসের ফার্নান্দেজ দে এনসিসো। তালিকার প্রথম পাঁচে আরও রয়েছে ফিনল্যান্ডের হেলসিংকির ভাসানকাটু ও সিঙ্গাপুরের নেইল রোড।

এ ছাড়া কানাডার মন্ট্রিয়ল, হংকং, পর্তুগালের লিসবন, জার্মানির লাইপজিগ, জাপানের কিয়োটো ও ফুকুওকা, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসসহ বিশ্বের বিভিন্ন শহরের সড়কও এই তালিকায় স্থান পেয়েছে।

এই বৈচিত্র্যময় আন্তর্জাতিক তালিকায় মালয়েশিয়ার বিচ স্ট্রিটের অবস্থান দেশটির ঐতিহাসিক নগর পর্যটনের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরেছে।

কী বিবেচনায় নির্বাচিত হয় আকর্ষণীয় সড়ক?

টাইম আউটের আন্তর্জাতিক সম্পাদক ও লেখকদের নেটওয়ার্ক বিশ্বের বিভিন্ন শহরের সড়কগুলো মনোনয়ন করে। পরবর্তী পর্যায়ে সম্পাদকদের একটি প্যানেল খাদ্য ও পানীয়, কেনাকাটার সুযোগ, রাত্রিকালীন বিনোদন, স্থানীয় ব্যবসা, সাংস্কৃতিক কার্যক্রম, কমিউনিটি জীবন এবং সামগ্রিক পরিবেশ বিবেচনা করে চূড়ান্ত তালিকা তৈরি করে।

টাইম আউটের সম্পাদক গ্রেস বিয়ার্ডের বক্তব্য অনুযায়ী, একটি সত্যিকারের আকর্ষণীয় সড়ক হলো এমন জায়গা, যেখানে স্থানীয় মানুষ নিজেরাই সময় কাটাতে পছন্দ করেন। সড়কটির নিজস্ব পরিচয়, স্থানীয় উদ্যোগ, সৃজনশীল ব্যবসা এবং স্বতন্ত্র সাংস্কৃতিক পরিবেশ থাকতে হয়।

অর্থাৎ, শুধু পর্যটকদের কাছে জনপ্রিয় হওয়া নয়, স্থানীয় মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থাকাও একটি সড়কের আন্তর্জাতিক আকর্ষণ হয়ে ওঠার অন্যতম শর্ত।

গন্তব্যের চেয়েও বড় হয়ে উঠছে ভ্রমণ-অভিজ্ঞতা

বিশ্ব পর্যটনে এখন নতুন একটি প্রবণতা স্পষ্ট। পর্যটকেরা শুধু দর্শনীয় স্থান ঘুরে দেখতে চান না, তাঁরা স্থানীয় সংস্কৃতির অংশ হতে চান, ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে চান, স্থানীয় মানুষের সঙ্গে মিশতে চান এবং একটি শহরের প্রকৃত জীবনধারা অনুভব করতে চান।

টাইম আউটের এই আন্তর্জাতিক স্বীকৃতি সেই পরিবর্তনকেই সামনে নিয়ে এসেছে। একই সঙ্গে এটি প্রমাণ করে, মালয়েশিয়ার পর্যটন আকর্ষণ শুধু প্রচলিত জনপ্রিয় গন্তব্যের মধ্যেই সীমাবদ্ধ নয়; দেশটির ঐতিহাসিক সড়ক, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং স্থানীয় জীবনযাত্রার মধ্যেও রয়েছে বিশ্বমানের পর্যটন সম্ভাবনা।

মালয়েশিয়া শুধু ভ্রমণের একটি গন্তব্য নয়, এটি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও আধুনিকতার এক বহুমাত্রিক অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতার অন্যতম আকর্ষণ পেনাংয়ের বিশ্বের সেরা ১০-এ স্থান পাওয়া ঐতিহাসিক বিচ স্ট্রিট।

আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক সাময়িকী টাইম আউটের তালিকা ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ২৮টি সড়ক:

১। সং ওয়াট রোড, ব্যাংকক, থাইল্যান্ড

২। গোলবোর্ন রোড, লন্ডন, যুক্তরাজ্য

৩। ফার্নান্দেজ দে এনসিসো, বুয়েনস আইরেস, আর্জেন্টিনা

৪। ভাসানকাটু, হেলসিংকি, ফিনল্যান্ড

৫। নেইল রোড, সিঙ্গাপুর

৬। বুলেভার্ড সেন্ট-লরাঁ, মন্ট্রিয়ল, কানাডা

৭। আপার লাস্কার রো, হংকং

৮। রুয়া দো ফর্নো দো তিজোলো, লিসবন, পর্তুগাল

৯। বিচ স্ট্রিট, জর্জ টাউন, মালয়েশিয়া

১০। কার্ল-হাইনে-স্ট্রাসে, লাইপজিগ, জার্মানি

১১। বেকো দো ব্রাগানসা, রিও ডি জেনেইরো, ব্রাজিল

১২। ইস্ট পাসিউঙ্ক অ্যাভিনিউ, ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র

১৩। সানজো-দোরি, কিয়োটো, জাপান

১৪। উইলশায়ার বুলেভার্ড, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র

১৫। চ্যাং মোই রোড, চিয়াং মাই, থাইল্যান্ড

১৬। জাবকোভস্কা স্ট্রিট, ওয়ারশ, পোল্যান্ড

১৭। আটলান্টিক অ্যাভিনিউ, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

১৮। ইয়র্ক রোড, বার্মিংহাম, যুক্তরাজ্য

১৯। এবেনেজার প্লেস, অ্যাডিলেড, অস্ট্রেলিয়া

২০। ফ্লোরিডা রোড, ডারবান, দক্ষিণ আফ্রিকা

২১। ইউইউয়ান লু, সাংহাই, চীন

২২। হিওল মেইংউইন, মাখিনলেথ, যুক্তরাজ্য

২৩। মুতরাহ কর্নিশ, মাস্কাট, ওমান

২৪। ওয়ার্ড অ্যাভিনিউ, সিডনি, অস্ট্রেলিয়া

২৫। ওইয়াফুকো স্ট্রিট, ফুকুওকা, জাপান

২৬। কায়েই আলেহান্দ্রো কার্দেনাস, পুয়ের্তো এসকন্দিদো, মেক্সিকো

২৭। লা সেতেন্তা, মেডেলিন, কলম্বিয়া

২৮। কর্নিশ দে আলমাদি, ডাকার, সেনেগাল

খালিদ মোহাইমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *