
পর্যটন, শিল্প, সংস্কৃতি, শিক্ষা ও বন্ধুত্বের মাধ্যমে দুই দেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা
ঢাকা: মালয়েশিয়া ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত ও বহুমাত্রিক করতে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে প্রস্তুতিমূলক আলোচনা ও কর্মকাণ্ড শেষে গঠিত হয়েছে মালয়েশিয়া–বাংলাদেশ ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচারাল নেটওয়ার্ক (MBTACN)। নতুন এই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটন, শিল্প, সংস্কৃতি, শিক্ষা, ক্রীড়া, স্বাস্থ্য ও সুস্থতা, হালাল পর্যটন এবং জনগণের সঙ্গে জনগণের (People-to-People) যোগাযোগ জোরদারের মাধ্যমে দুই দেশের সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করবে। মাইইউনি-MyUni-এর প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর ওয়াইবিআরএস তুয়ান হাজী আহমদ শুকরি আবদুল গনি সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন আবু সুফিয়ান। ভাইস চেয়ারম্যানরূপে দায়িত্ব পালন করবেন ERW Kreatif-এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল পুয়ান এরউইনা এ. গাফার এবং ইন্টারস্পিড গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক আদনান করিম।

সম্প্রতি মালয়েশিয়া ও বাংলাদেশের বিশিষ্ট পর্যটন বিশেষজ্ঞ, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং উন্নয়ন বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত একাধিক অনলাইন অফলাইন বৈঠকে নেটওয়ার্কটি গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত রূপ লাভ করে।
এই উদ্যোগের রূপকার লেখক, শিক্ষাবিদ ও টেলিভিশন ব্যক্তিত্ব আবু সুফিয়ান, যিনি ট্রাভেল ম্যাগাজিন ভ্রমণ-VROMON-এর সম্পাদক ও প্রকাশক। তাঁর স্বপ্ন—পর্যটন, সংস্কৃতি, শিক্ষা ও কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে একটি টেকসই সহযোগিতার সেতুবন্ধন গড়ে তোলা।
গত দুই দশকেরও বেশি সময় ধরে আবু সুফিয়ানের নেতৃত্বে ট্রাভেল ম্যাগাজিন ভ্রমণ বাংলাদেশে আন্তর্জাতিক পর্যটন প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সরকারি প্রতিষ্ঠান, কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে ম্যাগাজিনটি পর্যটন, সংস্কৃতি ও আন্তঃদেশীয় সহযোগিতা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে কাজ করছে।

এ পর্যন্ত ভ্রমণ হাইকমিশন অব মালয়েশিয়া ইন ঢাকা, ট্যুরিজম মালয়েশিয়া ঢাকা, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, ফ্রান্স দূতাবাস, বাংলাদেশে তুরস্ক দূতাবাস, রাশিয়ান হাউস ঢাকার মাধ্যমে রাশিয়ান ফেডারেশনের দূতাবাস, ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাসের সাংস্কৃতিক বিভাগ, ট্যুরিজম সাসকাচেওয়ান (কানাডা) এবং বাংলাদেশে অনুষ্ঠিত ফ্রাঙ্কোফোনি উৎসবে অংশগ্রহণকারী কানাডা, ফ্রান্স, সুইজারল্যান্ড, মরক্কো, মিশর, কাতার ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের সঙ্গে সফলভাবে বহু আন্তর্জাতিক পর্যটন ও সাংস্কৃতিক কর্মসূচি বাস্তবায়ন করেছে।
মালয়েশিয়া–বাংলাদেশ পর্যটন সহযোগিতা জোরদারে ভ্রমণ ২০১৮ ও ২০১৯ সালে ট্যুরিজম মালয়েশিয়া ঢাকা এবং হাইকমিশন অব মালয়েশিয়া ইন ঢাকার সহযোগিতায় দুটি বহুল প্রশংসিত ১০০ পৃষ্ঠার ‘মালয়েশিয়া স্পেশাল সংস্করণ’ প্রকাশ করে। এছাড়া ২০১৯ সালে বাংলাদেশে প্রথমবারের মতো একজন মালয়েশিয়ান চিত্রশিল্পীর একক চিত্রপ্রদর্শনীর আয়োজন করে, যা দুই দেশের সাংস্কৃতিক কূটনীতি ও সাংস্কৃতিক পর্যটনে নতুন মাত্রা যোগ করে।
নবগঠিত MBTACN সরকারি সংস্থা, পর্যটন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি খাত, সাংস্কৃতিক সংগঠন, শিল্পী, গবেষক এবং নীতিনির্ধারকদের মধ্যে একটি কার্যকর সহযোগিতা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে যৌথ উদ্যোগ, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পর্যটন মেলা-উৎসব, সাংস্কৃতিক উৎসব, শিক্ষা বিনিময় কর্মসূচি, শিল্প প্রদর্শনী এবং ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের নতুন সুযোগ সৃষ্টি হবে।
বিশ্বে হালাল অর্থনীতি ও হালাল সার্টিফিকেশনে মালয়েশিয়ার নেতৃত্বকে কাজে লাগিয়ে নেটওয়ার্কটি হালাল পর্যটন, হালাল হসপিটালিটি, হালাল সার্টিফিকেশন, হালাল খাদ্যশিল্প, ইসলামিক-ফ্রেন্ডলি ট্রাভেল এবং দক্ষতা উন্নয়ন-সংক্রান্ত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তুলবে। এর ফলে দুই দেশের মধ্যে বিনিয়োগ, ব্যবসা, দক্ষ জনশক্তি উন্নয়ন, প্রযুক্তি বিনিময় এবং বৈশ্বিক হালাল বাজারে বাংলাদেশের অংশগ্রহণ আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সভায় সিদ্ধান্ত হয়েছে, মালয়েশিয়া ও বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, রাষ্ট্রদূত, পর্যটন বিশেষজ্ঞ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, শিল্পী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সদস্য, উপদেষ্টা ও কৌশলগত অংশীদার হিসেবে সম্পৃক্ত করা হবে। পাশাপাশি পর্যটন, সংস্কৃতি, শিক্ষা, গবেষণা ও ব্যবসা-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য অনলাইন নিবন্ধনের মাধ্যমে সদস্যপদ উন্মুক্ত থাকবে।

খুব শিগগিরই ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মালয়েশিয়া–বাংলাদেশ ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচারাল নেটওয়ার্ক–MBTACN–এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে, ইন-শা-আল্লাহ। ওই অনুষ্ঠানে নেটওয়ার্কটির মিশন, ভিশন, কৌশলগত লক্ষ্য, কর্মপরিকল্পনা এবং ভবিষ্যৎ আন্তর্জাতিক কার্যক্রম তুলে ধরা হবে।
প্রতিষ্ঠাতা সদস্যরা বিশ্বাস করেন, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, পর্যটন খাতের অংশীজন, শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন, হালাল শিল্প বিশেষজ্ঞ এবং ট্রাভেল ম্যাগাজিন ভ্রমণ এর বিস্তৃত আন্তর্জাতিক নেটওয়ার্কের সহযোগিতায় MBTACN পর্যটন কূটনীতি, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা, হালাল শিল্প, ব্যবসা-বাণিজ্য এবং জনগণের পারস্পরিক সম্প্রীতি জোরদারের একটি শক্তিশালী আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিণত হবে।
মালয়েশিয়া ও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এই নেটওয়ার্কটি সম্পূর্ণ অরাজনৈতিক, অন্তর্ভুক্তিমূলক ও সহযোগিতামূলক একটি উদ্যোগ। প্রতিষ্ঠাতা সদস্যদের মতে, এটি শুধু একটি সংগঠন নয়; বরং দুই দেশের মধ্যে পর্যটন কূটনীতি, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা, উদ্ভাবন, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নের দীর্ঘমেয়াদি সেতুবন্ধন। ভবিষ্যতে যৌথ পর্যটন প্রচারণা, শিল্প ও সংস্কৃতি উৎসব, আন্তর্জাতিক সম্মেলন, শিক্ষা ও গবেষণা বিনিময়, হালাল পর্যটন ও হালাল সার্টিফিকেশনবিষয়ক প্রশিক্ষণ এবং ব্যবসায়িক ফোরামের মাধ্যমে এই উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
‘পর্যটন, শিল্প, সংস্কৃতি, শিক্ষা ও বন্ধুত্বের মাধ্যমে সেতুবন্ধন’—এই অঙ্গীকারকে ধারণ করেই মালয়েশিয়া–বাংলাদেশ ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচারাল নেটওয়ার্ক–MBTACN আগামীদিনে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সহযোগিতা, পারস্পরিক আস্থা এবং বন্ধুত্বের নতুন অধ্যায় রচনা করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
মালয়েশিয়া–বাংলাদেশ ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচারাল নেটওয়ার্ক এ অংশীজনরূপে রয়েছেন- রয়েছেন মাইইউনি-MyUni-এর প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর ওয়াইবিআরএস তুয়ান হাজী আহমদ শুকরি আবদুল গনি; রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়া-RIM-এর সম্মানিত সম্পাদক এবং পাবলিক পারফরম্যান্স মালয়েশিয়া-PPM-এর বিজনেস কনসালট্যান্ট তুয়ান হাজী রোজমান বিন শাফি @ এল.ওয়াই.; ম্যাজিকা গ্রুপ-MAGICA Group-এর কমার্শিয়াল ডিরেক্টর এবং মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয় (MOTAC)-এর সাবেক সিনিয়র ডিরেক্টর তুয়ান সাইয়েদ ইয়াহইয়া বিন সাইয়েদ ওসমান; ইআরডব্লিউ ক্রিয়েটিফ-ERW Kreatif-এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল এবং মাইইউনি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) পুয়ান এরউইনা এ. গাফার; এএসআইআরইন্ডো-ASIRINDO-এর ম্যানেজিং ডিরেক্টর এবং এলএমকেএন ইন্দোনেশিয়া-LMKN Indonesia-এর কমিশনার মি. জুসাক ইরওয়ান সুতিওনো; আর্থিক প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং মালয়েশিয়ায় মি. মো: রাইমি বিন রোসলি; মাইইউনি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (করপোরেট) ওয়াইবিআরএস ওয়ান মো: নাজরি ওয়ান মাহমুদ এবং প্রখ্যাত মালয়েশিয়ান চিত্রশিল্পী হাজী আবদুল গফুর হাজী তাহির।
ভ্রমণ এর সম্পাদক আবু সুফিয়ান; গ্লোবাল সাসটেইনেবল ট্যুরিজম নেটওয়ার্ক বাংলাদেশ-GSTNB-এর চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব মো. আব্দুস সামাদ; GSTNB-এর এক্সিকিউটিভ বোর্ড সদস্য এবং বাংলাদেশ নৌবাহিনীর সাবেক সহকারী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব উল ইসলাম (অব.); আরণ্যক-ARANNOK-এর উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান; ইন্টারস্পিড গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক আদনান করিম; এটিএন বাংলা টেলিভিশন-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উত্তম কে. শীল; বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের মহাব্যবস্থাপক মো. জিয়াউল হক হাওলাদার; সিনিয়র স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্ট কনসালট্যান্ট কাজী তৌহিদুজ্জামান; পিপিসি বাংলাদেশ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আমান দিদার এবং হেড অব ক্রিয়েটিভ অ্যান্ড ডিজিটাল কমিউনিকেশন আমদাদুল কবির প্রমুখ ।
ইমতিয়াজ মহাইমিন, ভ্রমণডেস্ক, ১ জুলাই ২০২৬