
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণ মেধার আরেক উজ্জ্বল স্বাক্ষর। রাশিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত মাল্টিন্যাশনাল ইয়ুথ জিওগ্রাফি অলিম্পিয়াড (MY-GEO 2026)-এ বিশ্ব র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান অর্জনের পাশাপাশি সিলভার মেডেল জয় করেছে বাংলাদেশ দল। আরও গৌরবের বিষয়, দলের পাঁচ সদস্যের প্রত্যেকেই ব্যক্তিগত পদক অর্জন করেছে। এর মধ্যে দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক রয়েছে।
গত ২৪ থেকে ৩১ অক্টোবর রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক অলিম্পিয়াডে বিভিন্ন দেশের মেধাবী তরুণরা ভূগোল, ভূতত্ত্ব, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও ব্যবহারিক দক্ষতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ব্যক্তিগত বিভাগে তানভীর সাদাত ও আরিফা আতিক মীম অর্জন করে সিলভার মেডেল। অন্যদিকে মো. তাওসিকুল ইসলাম, মিনহাজুল ইসলাম তাহমিদ এবং শাহরিয়ার নূর লাভ করে ব্রোঞ্জ মেডেল। পাঁচ প্রতিযোগীর প্রত্যেকের পদক অর্জন বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সক্ষমতার এক অনন্য প্রমাণ।
বাংলাদেশ দলের নেতৃত্ব দেন তাসিন মোহাম্মদ ও ফেরদৌস আহমেদ। তাঁদের নেতৃত্ব ও দিকনির্দেশনা দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অলিম্পিয়াড চলাকালে আহনাফ তাহমিদ উদ্দিন পর্যবেক্ষক হিসেবে দলের সঙ্গে অংশগ্রহণ করেন।
কৃষ্ণসাগরের উপকূলে অবস্থিত সিরিয়াস ফেডারেল টেরিটরি রাশিয়ার বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে রয়েছে সিরিয়াস এডুকেশনাল সেন্টার, সিরিয়াস ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং বিভিন্ন উন্নত গবেষণাগার। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এটি জ্ঞান বিনিময়, গবেষণা ও বৈজ্ঞানিক দক্ষতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
MY-GEO 2026-এর অন্যতম আকর্ষণ ছিল ২৮ অক্টোবর রোজা খুতোর মাউন্টেন রিসোর্টে অনুষ্ঠিত ব্যবহারিক মাঠপর্যায়ের পরীক্ষা। এতে শিক্ষার্থীরা পাহাড়ি ভূপ্রকৃতি পর্যবেক্ষণ, নদীর গভীরতা ও পানির প্রবাহ পরিমাপ, আবহাওয়ার তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুমণ্ডলীয় চাপ এবং বাতাসের গতিবেগ নির্ণয়ের মতো বাস্তবভিত্তিক কাজে অংশ নেয়। পাশাপাশি দৈনন্দিন জীবনের বিভিন্ন পরিস্থিতিতে ভৌগোলিক জ্ঞানের প্রয়োগ এবং বিশ্লেষণী দক্ষতা যাচাইয়ের জন্য ছিল সৃজনশীল সমস্যা সমাধানের চ্যালেঞ্জ।
বাংলাদেশের প্রচলিত স্কুল পাঠ্যক্রমে ভূগোল ও ভূতত্ত্বের বিস্তারিত অধ্যয়নের সুযোগ তুলনামূলকভাবে সীমিত হওয়ায় প্রতিযোগীরা এ দুটি বিষয়ে বিশেষ প্রস্তুতি গ্রহণ করে। তাদের সেই প্রস্তুতি আন্তর্জাতিক পর্যায়ের কঠিন ও অপরিচিত চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করে।
বাংলাদেশ দলের এই আন্তর্জাতিক যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা। প্রতিষ্ঠানটির উদ্যোগে বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ, বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় আগ্রহ বৃদ্ধি এবং বাংলাদেশ-রাশিয়া শিক্ষা সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।
শিক্ষা ও বিজ্ঞান সহযোগিতায় রাশিয়ার নতুন সম্ভাবনা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়া সরকারি বৃত্তি, টিউশন ফি ছাড়া উচ্চশিক্ষা, রুশ ভাষা শিক্ষা, একাডেমিক বিনিময় এবং আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডসহ নানা শিক্ষার সুযোগ প্রদান করে আসছে। রাশিয়ার বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ তরুণদের আন্তর্জাতিক মানের জ্ঞান ও গবেষণার সঙ্গে পরিচিত হওয়ার পথ তৈরি করছে।
বাংলাদেশে রসসত্রুদনিচেস্তভোর প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান রাশিয়ান হাউস ইন ঢাকা শিক্ষার্থীদের শিক্ষাবিষয়ক পরামর্শ, বৃত্তির সুযোগ সম্পর্কে তথ্য প্রদান এবং রাশিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপনে সহায়তা করে আসছে।
MY-GEO 2026-এ বাংলাদেশের এই অর্জন কেবল পাঁচ শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়; এটি দেশের তরুণ প্রজন্মের বৈজ্ঞানিক প্রতিভা, আন্তর্জাতিক সক্ষমতা ও সম্ভাবনার প্রতিচ্ছবি। বিশ্বমঞ্চে দ্বিতীয় স্থান এবং শতভাগ পদক অর্জনের এই গৌরবময় অধ্যায় ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান, গবেষণা ও আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।
ভ্রমণডেস্ক