বাংলাদেশ–রাশিয়া প্রযুক্তি সাংবাদিকতায় নতুন সেতুবন্ধন

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা, বিজ্ঞানভিত্তিক গণমাধ্যম এবং পেশাগত জ্ঞান বিনিময়ের সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ঢাকার রুশ হাউসে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)।

টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীনের নেতৃত্বে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধি দল রুশ হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনই-এর সঙ্গে এ বৈঠকে অংশ নেয়।

প্রতিনিধি দলে ছিলেন টিএমজিবির সহ-সভাপতি কুমার বিশ্বজিৎ রায় ও মইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ, কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক গোলাম দাস্তগীর তৌহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকী এবং নির্বাহী সদস্য নাজমুল হোসেন ও রহিম শেখ।

 বিজ্ঞান ও প্রযুক্তি সাংবাদিকতায় সহযোগিতার নতুন দ্বার

বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক সাংবাদিকতা এবং গণমাধ্যম সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় দুই দেশের সাংবাদিক ও মিডিয়া পেশাজীবীদের জন্য যৌথ কর্মশালা, মাস্টারক্লাস, পেশাগত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি আয়োজনের বিষয়টি।

প্রযুক্তি সাংবাদিকতার দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সাংবাদিকদের জ্ঞান, দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা বৃদ্ধির পাশাপাশি দুই দেশের গণমাধ্যমকর্মীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

রুশ হাউস এসব উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে বাংলাদেশ ও রাশিয়ার গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি পেশাগত নেটওয়ার্ক ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

শিক্ষা, ভাষা ও আন্তর্জাতিক অংশগ্রহণের সুযোগ

বৈঠকে রুশ হাউসের বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম সম্পর্কেও টিএমজিবি প্রতিনিধি দলকে অবহিত করা হয়। বিশেষ করে রাশিয়া সরকারের বৃত্তিতে উচ্চশিক্ষার সুযোগ, রুশ ভাষা শিক্ষা এবং বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান ও স্বল্পমেয়াদি কর্মসূচিতে বাংলাদেশের শিশু, তরুণ ও পেশাজীবীদের অংশগ্রহণের সুযোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন রুশ হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনই।

এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সাংবাদিক এবং মিডিয়া-সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের গণমাধ্যম প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও মতবিনিময় হয়। 

সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা

টিএমজিবির প্রতিনিধি দলের সদস্যরা রুশ হাউসের ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে বাংলাদেশ ও রাশিয়ার প্রযুক্তি সাংবাদিকতা, বিজ্ঞান যোগাযোগ এবং গণমাধ্যম খাতের মধ্যে একটি আরও শক্তিশালী ও কার্যকর সেতুবন্ধন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দুই দেশের পেশাজীবীদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত সহযোগিতার পথ তৈরি করবে—এমন প্রত্যাশাই উঠে এসেছে বৈঠক থেকে।

ভ্রমণডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *