
ভিজিট মালয়েশিয়া ২০২৬ (VM2026) উপলক্ষ্যে মালয়েশিয়ার খ্যাতিমান সংগীত শিল্পী, গীতিকার ও মিউজিশিয়ান এককথায় মায়েস্ত্রো রোজমান বিন শাফিয়ে এল.ওয়াই. এক ঐতিহাসিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান শিল্পী হিসেবে মঞ্চ মাতাতে এবছরই বাংলাদেশে আসছেন। এটিই হবে কোনো স্বনামধন্য মালয়েশীয় সংগীত আইকনের প্রথম বৃহৎ লাইভ পারফরম্যান্স যা বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যকার সংস্কৃতিক পর্যটনে নতুন দিগন্ত উন্মোচন করবে।
বাংলাদেশ-মালয়েশিয়া আর্ট, কালচার অ্যান্ড ট্যুরিজম নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিতব্য এ আয়োজন দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মাইলফলক হয়ে উঠতে যাচ্ছে। ২৫ বছরেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারে বিশিষ্ট সুরকার, গীতিকার ও প্রযোজক এল.ওয়াই. মালয়েশিয়ার শীর্ষ তারকাদের সঙ্গে কাজ করেছেন এবং জুয়ারা লাগু বিজয়সহ একাধিক AIM পুরস্কার অর্জন করেছেন। তাঁর প্রভাব দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে বিস্তৃত; বিশেষত ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে তাঁর গান শীর্ষ তালিকায় স্থান পেয়েছে।

এই ঐতিহাসিক আয়োজন শুধুমাত্র বিনোদন নয়; এটি VM2026-এর আন্তর্জাতিক কূটনৈতিক কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক সাংস্কৃতিক সেতুবন্ধন, যেখানে বাংলাদেশকে মালয়েশিয়ার পর্যটন কূটনীতির গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উপস্থাপন করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য চলতি বছর মালয়েশিয়া ৩ লাখ বাংলাদেশি পর্যটককে দেশটি ভ্রমণে আকৃষ্ট করার জন্য নানাবিধ উদ্যেগ গ্রহণ করেছে ভিজিট মালয়েশিয়া ২০২৬ উপলক্ষ্যে।
বিশ্লেষকদের মতে, এমন উচ্চপর্যায়ের শিল্প বিনিময় দ্বিপাক্ষিক সাংস্কৃতিক পর্যটন সম্পর্ককে আরও সুদৃঢ় করবে, ভ্রমণ আগ্রহ বাড়াবে এবং সৃজনশীল সহযোগিতা, যুব সম্পৃক্ততা ও সংস্কৃতিক পর্যটনখাতে বহুমাত্রিক সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে।

ঢাকা যখন মালয়েশিয়ান মায়েস্ত্রোকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে, তখন মঞ্চ প্রস্তুত শুধু সংগীতের জন্য নয়, বাংলাদেশ-মালয়েশিয়া সাংস্কৃতিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনার জন্য।
প্রসঙ্গত উল্লেখ্য ২০১৯ সালে ঢাকাস্থ মালয়েশিয়া হাইকমিশনের সহযোগিতায় ট্রাভেল ম্যাগাজিন ‘ভ্রমণ’ প্রথমবারের মতো খ্যাতিমান মালয়েশিয়ান ক্যালিগ্রাফ শিল্পী হাজী আব্দুল গফুর তাহিরের একক চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছিলো।
ইমরান খালিদ, ১৬ ফেব্রুয়ারি ২০২৬