
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় কসোভো দূতাবাসের উদ্যোগে “Destination Francophonie: Kosovo – Welcome to the Heart of the Balkans” চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত।
ঢাকায় অবস্থিত কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায়, “Destination Francophonie: Kosovo – Welcome to the Heart of the Balkans” শীর্ষক একটি প্রামাণ্যচিত্রের প্রদর্শনীর আয়োজন করে। প্রামাণ্যচিত্রটি টিভিফাইভমঁদ (TV5MONDE) প্রযোজিত এবং কসোভো প্রজাতন্ত্রের পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় নির্মিত।
ঢাকায় অনুষ্ঠিত ফ্রাঁঙ্কোফোনি উৎসবের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে কূটনৈতিক সম্প্রদায়ের সদস্য, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং ফ্রাঁঙ্কোফোনি সম্প্রদায়ের বন্ধুরা উপস্থিত ছিলেন। এই প্রদর্শনী বাংলাদেশে কসোভোর সাংস্কৃতিক কূটনীতির প্রচেষ্টারও একটি অংশ।
উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া শঁম্ভো এবং তাঁর দলকে সাংস্কৃতিক সংলাপ ও ভাষাগত বৈচিত্র্য উন্নয়নে সহযোগিতা ও আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে কসোভোতে ফ্রাঁঙ্কোফোনি আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন- “কসোভোতে ফ্রাঁকোফোনি কেবল প্রতীকী নয়; এটি বাস্তব অভিজ্ঞতার অংশ—শ্রেণিকক্ষ, সাংস্কৃতিক কেন্দ্র এবং ফরাসি ইনস্টিটিউট ও আন্তর্জাতিক নেটওয়ার্কের মতো প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মধ্য দিয়ে এটি প্রতিনিয়ত চর্চিত হচ্ছে।”
কসোভো ও বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে রাষ্ট্রদূত আরও বলেন, “ভাষাগত ঐতিহ্যে সমৃদ্ধ এবং ভাষা আন্দোলনের জন্য গর্বিত একটি দেশ হিসেবে বাংলাদেশে ভাষা ও সংস্কৃতির বিকাশের বিশেষ তাৎপর্য রয়েছে। এ ধরনের আয়োজন এমন একটি পরিসর তৈরি করে, যেখানে ভৌগোলিকভাবে দূরে থাকা আমাদের দুই দেশ বৈচিত্র্য ও সাংস্কৃতিক প্রকাশের প্রতি সম্মানবোধের মাধ্যমে একটি অভিন্ন ভিত্তি খুঁজে পায়।”

প্রামাণ্যচিত্রটিতে কসোভোকে একটি প্রাণবন্ত ইউরোপীয় দেশ হিসেবে তুলে ধরা হয়েছে। এতে প্রিস্টিনার উদ্যমী নগরজীবন, উল্পিয়ানার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, প্রিজরেন ও গিয়াকোভের সাংস্কৃতিক জীবন এবং কসোভোর অলিম্পিক ক্রীড়াবিদদের সাফল্য তুলে ধরা হয়েছে। প্রদর্শনীর পর অতিথিদের পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতারের হালকা নাস্তার আমন্ত্রণ জানানো হয়, যা অনানুষ্ঠানিক আলাপচারিতা ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ তৈরি করে।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে ঢাকায় অবস্থিত কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস কসোভোর সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি কসোভো ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার করতে কাজ করে যাচ্ছে।
ভ্রমণডেস্ক