
মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয় পর্যটকদের জন্য ন্যূনতম ২৩ ঘণ্টার অবস্থান সুবিধা দিতে হোটেলগুলোকে আহ্বান জানিয়েছে, যাতে “ভিজিট মালয়েশিয়া ২০২৬” কর্মসূচির আকর্ষণ বাড়ে, এ কথা মালয়েশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দেওয়ান রাকিয়াতকে জানানো হয়েছে।
MOTAC জানায়, এটি “ভিজিট মালয়েশিয়া ২০২৬”-এর বিপণন কৌশলের অংশ এবং এর লক্ষ্য ভোক্তাদের অর্থের যথাযথ মূল্য (value for money) আরও বাড়ানো।
২৬ ফেব্রুয়ারি তারিখের এক লিখিত জবাবে মন্ত্রণালয় বলেছে: পর্যটকদের ভ্রমণকে আরও স্বস্তিদায়ক করার জন্য আমরা হোটেল পরিচালকদের ২৩ ঘণ্টার অবস্থান সুবিধা দেওয়ার আহ্বান জানাই। উদাহরণস্বরূপ, অতিথিরা দুপুর ২টায় চেক-ইন করে পরদিন দুপুর ১টায় চেক-আউট করতে পারেন। এতে পর্যটকদের অভিজ্ঞতাও উন্নত হবে, ফলে আন্তর্জাতিক পর্যায়ে মালয়েশিয়ার আতিথেয়তা খাত আরও প্রতিযোগিতামূলক হবে।
তবে মন্ত্রণালয় উল্লেখ করেছে, চেক-ইন ও চেক-আউটের সময় নির্ধারণ করা হোটেল পরিচালকদের নিজস্ব ব্যবসায়িক সিদ্ধান্তের বিষয়।
মন্ত্রণালয় আরও বলেছে: জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে, কোনো বুকিং দেওয়ার আগে সংশ্লিষ্ট আবাসন প্রদানকারীর নির্ধারিত শর্তাবলি ভালোভাবে পড়ে বুঝে নিতে। পর্যটন একটি প্রতিযোগিতামূলক শিল্প, এবং ব্যবহারকারীদের পছন্দ করার অধিকার রয়েছে।
মন্ত্রণালয় জানায়, স্থানীয় কাউন্সিলের লাইসেন্সিং শর্তের অংশ হিসেবে পরিচালন সময়ের মানদণ্ড- অন্তর্ভুক্ত করার উপযোগিতা পর্যালোচনায় আবাসন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।
তারা আরও বলে, এই উদ্যোগগুলো পর্যটন শিল্প আইন ১৯৯২ (অ্যাক্ট ৪৮২) পর্যালোচনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার লক্ষ্য আবাসন খাতের মান ও সেবা উন্নয়নে MOTAC -এর ভূমিকা আরও শক্তিশালী করা।
গুয়া মুসাংয়ের সংসদ সদস্য মোহদ আজিজি আবু নাইম “ভিজিট মালয়েশিয়া ২০২৬” উপলক্ষে পর্যটক আকর্ষণে হোটেল ও হোমস্টের চেক-ইন ও চেক-আউট সময় মানসম্মত করার বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগ সম্পর্কে প্রশ্ন তোলেন; তার জবাবেই মন্ত্রণালয় এই তথ্য জানায়। Í
ভ্রমণডেস্ক-এশিয়া নিউজ নেটওয়ার্কের সৌজন্যে