
আগরতলা, ঢাকা ও কলকাতাকে সংযুক্তকারী আন্তঃসীমান্ত বাসসেবা শিগগিরই নিয়মিতভাবে পুনরায় চালু হতে পারে, যা এক বছরের বেশি সময়ের স্থগিতাবসানের ইতি টানবে। শনিবার আগরতলা-ঢাকা-কলকাতা বাসসেবার পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে; এদিন আগরতলার কৃষ্ণনগর ডিপো থেকে ঢাকার উদ্দেশ্যে একটি বাস ছেড়ে যায়।
আন্তর্জাতিক বাসসেবা অপারেটরের ম্যানেজার মনোরঞ্জন দেবনাথ বলেন, এটি দুই-তিন দিন চলবে। সিস্টেম স্থিতিশীল হলে আমরা সপ্তাহে তিনদিন বাসসেবা পুনরায় চালু করব। তিনি আরও জানান, সেবা পুনরায় শুরু করতে নতুন কোনো অনুমতির প্রয়োজন নেই, কারণ আন্তঃসরকারি চুক্তি এখনও বলবৎ রয়েছে।
তিনি বলেন, যাত্রীসংখ্যা কমে যাওয়ায় আমরা বাসসেবা বন্ধ করেছিলাম। যাত্রী সংখ্যা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। পাশাপাশি ভিসা সমস্যাও ছিল। এসব কারণে সেবা স্থগিত করা হয়। বাংলাদেশে পরিস্থিতির উন্নতি হওয়ায় আমরা আগামী সপ্তাহ থেকে বাসসেবা পুনরায় চালু করতে চাই।
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে গত এক বছর ধরে রয়্যাল-মৈত্রী আন্তর্জাতিক বাসসেবা বন্ধ ছিল। পরিস্থিতির উন্নতির প্রেক্ষিতে এখন সেবা পুনরায় চালুর প্রস্তুতি চলছে।
ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশন (টিআরটিসি)-এর ভাইস-চেয়ারম্যান সমর রায় জানান, পরীক্ষামূলক যাত্রার ফলাফল মূল্যায়নের পর ২৮ ফেব্রুয়ারি নিয়মিত পরিচালনার সময়সূচি ঘোষণা করা হবে।
দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন কমাতে এ উদ্যোগ সহায়ক হবে বলে আশা প্রকাশ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, যোগাযোগ পুনঃস্থাপন বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শনিবার তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশে নির্বাচিত সরকার গঠনের মাধ্যমে অনিশ্চয়তা এখন কেটে গেছে। এটি দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ভালো লক্ষণ। আমরা আশা করি অন্যান্য সমস্যাগুলোরও সমাধান হবে।
তিনি আরও বলেন, এই পদক্ষেপ দুই দেশের অর্থনৈতিক সম্ভাবনা বাড়াবে। ভবিষ্যতে প্রকৃতপক্ষে বাংলাদেশই আমাদের থেকে বেশি উপকৃত হবে।
এদিকে, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন (এএইচসি) বিশেষ ক্ষেত্রে ভিসা প্রদান শুরু করেছে বলে জানা গেছে। এর আগে ‘অনিবার্য পরিস্থিতি’র কথা উল্লেখ করে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর আগরতলার বাংলাদেশ এএইচসি মিশনে সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত করা হয়েছিল।
ভ্রমণডেস্ক, ২৩ ফেব্রুয়ারি ২০২৬