
বাংলাদেশি নাগরিক সুলতান এমডি (বামে) এবং ইন্দোনেশিয়ান আনিতা লুকমান (মাঝে) এর বিরুদ্ধে ২৩ জানুয়ারি জোহর বাহরুর সেশনস কোর্টে অভিযোগ গঠন করা হয়। ছবি: দ্য স্টার/এশিয়া নিউজ নেটওয়ার্ক
সলিড ওয়েস্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং ম্যানেজমেন্ট আইন ২০০৭ (অ্যাক্ট ৬৭২) চলতি বছর ১ জানুয়ারি ২০২৬ থেকে দেশব্যাপী কার্যকর হয়। ফলে মালয়েশিয়াতে যত্রতত্র ময়লা ফেলা বা আবর্জনা ঠিক জায়গায় না ফেলার জন্য দেশি-বিদেশি যে কাউকেই ধরা হবে।
জনসমক্ষে আবর্জনা ফেলার অভিযোগে মালয়েশিয়ার জোহর বাহরুর সেশনস কোর্টে অভিযুক্ত হওয়া প্রথম দুই ব্যক্তি হলেন একজন বাঙলাদেশি ও একজন ইন্দোনেশিয়ান।
২৮ বছর বয়সী বাংলাদেশি সুলতান এবং ৪৯ বছর বয়সী ইন্দোনেশিয়ান আনিতা লুকমানকে ২৩ জানুয়ারি সকালে আদালতে হাজির করা হয়।
খন্ডকালীন কাজ করা আনিতা আদালতে দোষ স্বীকার করেন। তিনি নির্ধারিত কঠিন বর্জ্যরে ডাস্টবিনে না ফেলে ফুটপাতে একটি সিগারেটের অবশিষ্টাংশ ও একটি পানীয়ের বোতল ফেলেছিলেন। তিনি ১ জানুয়ারি রাত আনুমানিক ১২টা ৪১ মিনিটে জোহর বাহরুর স্তুলান্ত লাউতের জালান ইব্রাহিম সুলতান এলাকায় এই অপরাধ করেন।
আইনজীবী ছাড়া হাজির হওয়া আনিতা লঘু শাস্তির আবেদন জানান। তিনি বলেন, তিনি একজন সিঙ্গেল মাদার বা একক মা এবং তাকে ৮ ও ১৫ বছর বয়সী দুই স্কুলপড়ুয়া সন্তানের দেখভাল করতে হয়। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমি শুধু বন্ধুর কাজে সহায়তা করতে খ-কালীন কাজ করছি। পর্যাপ্ত টাকা পাঠাতে না পারলে আমার সন্তানদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যেতে পারে।”
সলিড ওয়েস্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং ম্যানেজমেন্ট করপোরেশনের প্রসিকিউটিং কর্মকর্তা সিতি আদোরা রাহতিমান আদালতের কাছে অভিযুক্তের জন্য উপযুক্ত শাস্তির আবেদন জানান, যাতে এটি অভিযুক্ত ও জনসাধারণের জন্য শিক্ষণীয় হয়।
সেশনস বিচারক নর আজিয়াতি জাফার আনিতাকে ৫০০ রিঙ্গিত (প্রায় ১৬০ সিঙ্গাপুর ডলার) জরিমানা করেন। জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদ- এবং ছয় ঘণ্টা কমিউনিটি সার্ভিসের নির্দেশ দেওয়া হয়। আদালত তাকে রায়ের ছয় মাসের মধ্যে, প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা করে কমিউনিটি সার্ভিস সম্পন্ন করার নির্দেশ দেন। তা না করলে ২,০০০ থেকে ১০,০০০ রিঙ্গিত পর্যন্ত জরিমানা হতে পারে।
এদিকে কারখানার কর্মী বাংলাদেশের নাগরিক সুলতান একই এলাকায় ১ জানুয়ারি রাত আনুমানিক ১টা ২৭ মিনিটে অনুরূপ অপরাধ করার অভিযোগে অভিযুক্ত হন। তবে তিনি অভিযোগটি পুরোপুরি বুঝতে না পারায় বাংলাদেশি দোভাষীর আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করে বাংলাদেশি দোভাষীর উপস্থিতিতে পরবর্তী শুনানির জন্য ২৮ জানুয়ারি তারিখ নির্ধারণ করেন।
সলিড ওয়েস্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং ম্যানেজমেন্ট আইন ২০০৭ (অ্যাক্ট ৬৭২) চলতি বছর ১ জানুয়ারি ২০২৬ থেকে দেশব্যাপী কার্যকর হয়। ফলে মালয়েশিয়াতে যত্রতত্র ময়লা ফেলা বা আবর্জনা ঠিক জায়গায় না ফেলার জন্য দেশি-বিদেশি যে কাউকেই ধরা হবে। এই আইনে অভিযুক্ত অপরাধীদের সর্বোচ্চ ২,০০০ রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা যেতে পারে এবং আদালত সর্বোচ্চ ছয় মাসের কমিউনিটি সার্ভিসও দিতে পারেন, যেখানে মোট কাজের সময় ১২ ঘণ্টার বেশি হবে না।
দ্য স্টার/এশিয়া নিউজ নেটওয়ার্ক